গদ্রবঙ্গার অভিশাপ
অসীম সেন
আগের পর্বে
আজ থেকে একশ বছর আগে পুরুলিয়ার জেলিংসেরেং গ্রামের জমিদার ব্রজ কিশোর চৌধুরীর শিশুপুত্রকে বলি দেয় এক কাপালিনী। জমিদার তাঁকে গুলি করে হত্যা করে। এক তান্ত্রিক জানায় গদ্রবঙ্গার আহ্বান করে মারা গিয়েছে সেই কাপালিনী, তাই সে হাকিনিতে পরিণত হবে। গদ্রবঙ্গা এবং হাকিনির ধ্বংসলীলার হাত থেকে বাঁচতে মন্ত্র বাঁধন দিতে হবে। একটি থামের মধ্যে গদ্রবঙ্গার মূর্তিটিকে গেঁথে দিয়ে মন্ত্র বাঁধন দেওয়া হয়। এর একশ বছর আগে সেই পরিত্যক্ত জমিদার বাড়ি কিনতে শহর থেকে আসেন এক যুবক। জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে সে সন্ধান পায় সেই থামটির। এরপর…….
পর্ব-২
জঙ্গলের মধ্যে ইটের থাম! কিছুটা অবাক হল প্রীতম। রাজবাড়ি! সেও তো প্রায় সিকিমাইল দূরে। হাঁটতে হাঁটতে সে নিশ্চই ততটা পথ এগিয়ে এসেছে। থামটি পুরানো কাপড় দিয়ে পেঁচানো ছিল। আজো কাপড়ের অবশেষ কিছু কিছু রয়েছে। দুটি কিল গোজা। কিলের মধ্যে পেঁচানো লোহার শিকল। একটি লাঠি দিয়ে খোঁচাতে লাগল থামটা। ইট সুড়কি খসে পড়ছে। শিকল ধরে হ্যাঁচকা টান দিতেই কিল দুটি খসে পড়ল। ভিতরে দেখা গেল একটি ধাতুর পুতুল। কী দিয়ে তৈরি কে জানে। এখনও রাস্ট পড়েনি। ইঞ্চি দশেকের একটি শিশুর মূর্তি। বেশ মিষ্টি লাগল পুতুলটিকে। এপাশ ওপাশ দেখে পুতুলটি ঢুকিয়ে রাখল জ্যাকেটের পকেটে।
তৃতীয় দৃশ্য
পুরুলিয়ার চকবাজারে একটি সম্ভ্রান্ত দোতলা বাংলো বাড়ি (সময় সন্ধ্যা)
বনেদি বাড়ির একমাত্র ছেলে প্রীতম। তিনপুরুষের লোহার ব্যবসা। জ্যাঠা বিয়ে করেননি। সুতরাং সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সে। কলেজের বন্ধু বিশ্বম্ভর চৌধুরীর কাছ থেকে খবর পেয়েছিল পুরুলিয়ার জেলিংসেরেং এ তাঁদের আদি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের অভাব নেই। সামনেই বামনি নদী। কিছুদূরেই সুবর্ণরেখা। ব্যবসায়ী পরিবারের ছেলে। বুঝতে অসুবিধা হল না। এ অঞ্চলে জলের দরে বাড়িটি কিনে নিয়ে সংস্কার করে নিতে পারলে, পর্যটন ব্যবসায় কম মুনাফা হবে না। ওদিকে স্ত্রী প্রেগনেন্ট। সাতমাস চলছে। বাড়িতে একা সেও বোর হচ্ছিল। সুতরাং স্ত্রীকে নিয়েই পুরুলিয়া আসা। চকবাজারে তাদেরই এক আত্মীয়ের বাংলো ফাঁকা পড়ে আছে। সেখানেই উঠেছে প্রীতম। সন্ধ্যা বেলা রিল্যাক্স মুডে একটি চিভাস রিগ্যাল নিয়ে বসেছে। সঙ্গে শশা আর বাদাম। এর বেশি কিছু হলে মুখটা টক হয়ে যায়। ইতিমধ্যে তিন পেগ গলধকরণ করার পর মাথাটা বেশ ঝিম ঝিম করছে। ওদিকে দ্য বিটলস এর ইয়েসটার্ডে বাজছে পুরাতন গ্রামাফোনে। পাশের ঘরে স্ত্রী নবনিতা শুয়ে আছে। হাতে ফিল্মি পত্রিকা। নবনিতা এখনও বই পড়ে। হঠাৎ জানলার দিকে চোখ যায় নবনিতার। পুরাতন বিশাল জানলা। শীতের শুরুতে বেশ একটা ঠাণ্ডা হাওয়া বইছে বটে। চোখ সরাতে গিয়েও পারল না। জানলার বাইরে কে? চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, একজন শ্যামাঙ্গী মহিলা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। অদ্ভূত সে চোখের দৃষ্টি। গোটা পৃথিবীর রাগ সে চোখে। বাইরে পোষা জার্মান শেফার্ড টা প্রাণপনে চেঁচিয়ে যাচ্ছে। ভয়ে চেঁচিয়ে উঠল নবনিতা। দৌড়ে স্ত্রীর কাছে যায় প্রীতম। তখনও নবনিতা ভালো করে কথা বলতে পারছে না। স্ত্রীর কথা শুনে বাড়ির পিছনে চাকর দের সঙ্গে নিয়ে দেখতে যায় প্রীতম। এপাশটায় বেশ অন্ধকার। টর্চের আলোয় দেখা যায় কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখে জার্মান শেফার্ডটা। গলাটা কোনও এক হিংস্র জন্তু যেন খেয়ে গেছে। প্রীতম বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করল, এখানে কি কোনও হিংস্র জন্তু জানোয়ার আসে?
কেয়ারটেকার অবাক চোখে উত্তর দিল , “অনেক দিন আগে ইয়াতে বাঘরোল আসত বটে, লেকিন নিতঃ শহর এলাকায় ওনাকো দেখাই যায় না।”
এরপর আর নেশাটা জমল না প্রীতমের। সকালে হঠাৎ উকিলের ফোন। ফোন টা ধরে রীতিমত উত্তেজনায় কাঁপতে লাগল প্রীতম। প্রায় দশ বছর ধরে চলতে থাকা একটি জমির মামলার ফয়সলা হয়েছে। রাতেই অ্যাডভোকেট বাগচী ফোন করেছিলেন কিন্তু প্রীতমকে মোবাইলে পাননি। এখানেই শেষ নয়। মায়ের দুর সম্পর্কের এক ভাইয়ের এরকটি মোটা অঙ্কের সম্পত্তি পেয়েছে প্রীতম। একসঙ্গে জোড়া সুখবর গত রাতের কথা মনেই থাকল না প্রীতমের। দুদিন পরে ফের জেলিংসেরেং যায় প্রীতম। শহর থেকে জমিদার বাড়ির উত্তরাধিকারী, মানে প্রীতমের বন্ধুও আসে জমির কাগজপত্র নিয়ে। ওই বাড়ির একটা অংশ অন্যের মালিকাধীন। সেই অংশের কথা বলিয়ে দিয়েছিল শঙ্কর। তারও আসার কথা। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাবার পরেও দেখা নেই শঙ্করের। ফোন করতেই ওপার থেকে ভাঙা স্বর। শঙ্করের ছোট মেয়েটা হঠাৎই সিড়ি দিয়ে নামতে নামতে পা পিছলিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মেয়েটাকে আগেও দেখেছে প্রীতম ভারি মিষ্টি দেখতে। মনটা খারাপ হয়ে গেল। একই দিনে মারা গিয়েছে বুধাইয়ের ছোট ছেলেটাও। বাড়ির সামনে একটা উদলা কুঁয়োতে পড়ে গিয়েছিল কোনও ভাবে। একই সঙ্গে দু দুটো শিশুর মৃত্যু! জমিদার বাড়িতে সেদিন আর ঢোকা হোলো না প্রীতমের।
বন্ধুর সঙ্গে বাইরেই কথা বলে গাড়িতে উঠতে যাবে। এমন সময় জঙ্গল ফুঁড়ে সেই পাগলটা। “বারটা গিদ্রা রেয়াং জিল (দুটো শিশুর মাংস) খেয়েছে ওনা পিশাচিনী। এখনও শিক্ষা হচ্ছে না তামা? নোয়া বাড়ি অভিশপ্ত গেয়া (এ বাড়ি অভিশপ্ত হয়ে গিয়েছে)। লোভ আলোম করিস (লোভ করিস না)। পালা এখান থেকে।”
পিশাচিনী? জিজ্ঞাসু চোখে প্রীতম তাকাল বন্ধুর দিকে। ছাড় তো এ সব গ্রাম্য কুসংস্কার। তোমার ওয়াইফ কেমন আছেন?
প্রতীম একটা কৃত্তিম হাসি হেসে বলল ভালো।
ফেরার সময় কয়েকটা প্রশ্ন খচখচ করতে লাগল প্রীতমের। এরকম একটা প্রপার্টি নামমাত্র দামে কেন ছাড়ছে বিশ্বম্ভর? পাগলটা তাকে কী ইঙ্গীত দিতে চাইছে? এরকম একটা সম্পত্তি ভালো রকম ভাবে খোঁজ না নিয়ে কিনে কি আদৌ ঠিক করছে সে? সন্ধ্যার আগেই প্রীতিম ফিরে এল বাড়িতে। কাউকে কিছু বলল না বিশেষ করে নবনিতাকে। সন্ধ্যায় বাইরে চেয়ার পেতে কিছুক্ষণ বসেছিল প্রীতম। হঠাৎ কানে এলো বাড়ির দুই পরিচারিকা কিছু নিয়ে আলোচনা করছে। একটু কান পেতে শুনতে বুঝতে পারল তারা গদ্রবঙ্গা নামে কোনও এক অপদেবতার কথা বলছে। তাদের ডেকে জিজ্ঞাসা করতে তারা বলল গদ্রবঙ্গার কথা, শিশু মূর্তির কথা। মনটা ফের খচখচ করে উঠল প্রীতমের। রাতে খাসির মাংস আর পোলাও হয়েছে। খেয়ে নিজের ঘরে গিয়ে আলমারি থেকে জমিদার বাড়ির সেই থাম থেকে পাওয়া শিশুমূর্তিটার দিকে তাকালো। সেদিন ভালো করে দেখা হয়নি। মূর্তির চোখটা কেমন যেন লালচে। দাঁতেও ডগাতেও লালচে কী যেন লেগে রয়েছে। ফের মূর্তিটা আলমারিতে রেখে দিল প্রীতম। হঠাৎ করে ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। হাওয়া নেই। তাহলে এমন জোরে বন্ধ হল কেন? সাত পাঁচ ভেবে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ল প্রীতম। গত দুদিন বেশ ঘটনাবহুল প্রীতমের। বেশ কয়েকদিন আগে খেয়াল বশত একটি লটারির টিকিট কেটেছিল সে। এজেন্ট মারফত খবর পেয়েছে পঞ্চাশ লাখ টাকার প্রাইজ বেঁধেছে তাতে।
সেদিন রাতে প্রীতম আর নবনিতা অনেক রাত পর্যন্ত জেগেছিল। হঠাৎ প্রাপ্তিতে দুজনের মনই বেশ ভালো। টিভিতে স্টার গোল্ড এ সাজন চলছিল। হঠাৎই ছাদে ধুপধাপ আওয়াজ। এ তো কোনও মানুষের চলার আওয়াজ হতে পারে না। এ যেন বিশাল কোনও হাতি ছাদে দাপাদাপি করছে। ছাদের আলো জ্বালাতেই সব চুপ। হঠাৎই প্রীতমদের শোবার ঘরের জানলার কাঁচ ঝন ঝন করে ভেঙে পড়ল। ভয়ে চিৎকার করে উঠল নবনিতা। একটি রক্ত মাখানো হাড় পড়ে আছে ঘরের মধ্যে। যেন সদ্য হাড় থেকে মাংস ছিড়ে নেওয়া হয়েছে। ভয়ে অজ্ঞান হয়ে খাটে লুটিয়ে পড়ল নবনিতা।
(চলবে)