ওঙ্কার ডেস্ক: ফের বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বিকৃত করার অভিযোগ উঠল। খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছে বলে খবর। রবিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। তবে কে বা কারা এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি।
বলে রাখা ভালো, ১৬ দিন আগেও ঠিক একই জায়গায় একই ঘটনা ঘটেছিল। গত ৬ নভেম্বর রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হয়েছিল। পাশে লাগানো দুটি পোস্টারে লেখা ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’। ওই ঘটনায় তখন ক্ষোভ জানিয়েছিলেন সাংস্কৃতিক জগতের অনেকেই। তারপর ওই জায়গায় নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকা হয়। এবার সেই নতুন ছবিতেও কালি দেওয়া হল।
যশোর রোডের পাশে রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথ ছাড়াও কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছবি রয়েছে। রয়েছে ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের ছবিও। চিত্রশিল্পী এসএম সুলতান এবং নজরুল ইসলামের ছবির ঠিক মাঝে রবীন্দ্রনাথের ছবিটি রয়েছে। কিন্তু অন্য ছবিগুলি ঠিক থাকলেও শুধু রবীন্দ্রনাথের ছবিতেই কালি দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-কে বলেন, সম্ভবত শনিবার রাতে এটি ঘটেছে। রবিবার দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লাগানোর ঘটনায় কোনও সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছিল পুলিশ।