ওঙ্কার ডেস্ক: শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। ওই রাতেই তাঁকে কলকাতার হাসপাতালে এনে চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল পেটে বিষক্রিয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমতাবস্থায় পরিবারের তরফেও জানান হল, মারাত্মক কীটনাশক গিয়েছে বিধায়কের পেটে। তবে কীভাবে ঘটল এমন ঘটনা তা এখনও স্পষ্ট না। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, কীটনাশকের বিষয়টি এখনও প্রমাণিত নয়। ফলে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে জল্পনা।
সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার তেমন উন্নতি না হওয়ায় রাত ৩টেয় তাঁকে তড়িঘড়ি কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এক প্রথম সারির সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, রেখার রেফারেল কার্ডে লেখা রয়েছে, তাঁর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ গেছে। যে সময় তাঁকে কলকাতায় স্থানাতরিক্ত করা হচ্ছিল তখন রেখার রক্তচাপ ছিল ১২৪/৭০, নাড়ির গতি ছিল প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার করে অক্সিজেন লাগছিল তাঁর। চিকিৎসকরা আরও জানিয়েছেন, রোগী প্রায় ঝিমিয়ে পড়েছিলেন। ডাকলেও খুব একটা সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এরপরই কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়।
বসিরহাট মহকুমা হাসপাতালে বিষক্রিয়ার প্রতিষেধক ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেখাকে। ছ’টি অ্যাক্টিভেটেড চারকোল ট্যাবলেট দেন চিকিৎসকরা। এছাড়া, তাঁর নাক দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টা করা হয়। শরীরে বিষের প্রভাব কমানোর জন্য অ্যাট্রোপিন, প্র্যালিডক্সিম ইঞ্জেকশন দেওয়া হয়। বমি, গ্যাসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক চালু হয় বসিরহাটের হাসপাতালেই।
এদিন কলকাতার হাসপাতালে রেখাকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিজেপির তরফে ছিলেন অর্চনা দাস মজুমদার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষক্রিয়ার কোনও প্রমাণ তাঁরা পাননি। খাবার খেয়ে রেখা অসুস্থ হয়ে পড়েন। তার সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।