নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে আছড়ে পড়ল একটি চারচাকা গাড়ি। রবিবার বেলায় এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের ডিভিসি মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসছিল গাড়িটি। সিটি সেন্টার চার্চের সামনে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর রাস্তার পাশের কালভার্টে সজোরে ধাক্কা মেরে গাড়িটি নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন। তাঁরা দেখেন, কালভার্টের নিচে দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে গাড়িটি। ভিতরে আটকে রয়েছেন চালক।
খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। পুলিশের তৎপরতায় গাড়ির ভিতর থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, কালভার্টের নিচে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তোলার জন্য ঘটনাস্থলে আনা হয় ক্রেন। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট না। নিছকই দুর্ঘটনা নাকি গাড়ির যান্ত্রিক গোলযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জখম চালক মদ্য়প ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।