ওঙ্কার ডেস্ক: রাস উৎসবকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে মহাপ্রভুর স্মৃতিধন্য নবদ্বীপ। রবিবার সেই উৎসবে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই নবদ্বীপবাসীর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ভাগীরথী পেরোনোর জন্য সেখানে পাকাপাকি সেতু বানানো হবে। সেতু হওয়ার আগে পর্যন্ত নদী পারাপারের ভরসা হবে নতুন করে সাজানো ঘাট আর লঞ্চ। সেতু হয়ে গেলেও ফেরি চলাচল বন্ধ হবে না। বহুদিন আগে ঘাট বানানোর কাজ শুরু হলেও তা এখনও অসম্পূর্ণ। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, আগের ঘাটটি ঠিকমতো ব্যবহার করা যায় না। তাই পুরো ঘাটটিকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
কবে থেকে ফেরি চলবে, তাও জানিয়ে দেন তিনি। আরও দু’মাসের মধ্যে ঘাট ও ফেরির কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কাজ মিটলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের নবদ্বীপে এসে নিজে হাতে পরিষেবার সূচনা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
ঘাট-লঞ্চের বাইরেও আরও দুটি বড় ঘোষণা করেন শুভেন্দু। টাকার অভাবে আটকে থাকা গবেষণাকেন্দ্রের জন্য দু’কোটি টাকা দেওয়ার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, ভক্তদের অনুদানে গড়ে ওঠা কেন্দ্রটি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। এবার সরকারি সাহায্যে তা সম্পূর্ণ হবে।
গোশালা বড় করার জন্য আরও এক কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি গুরুকুল ও সংস্কৃত টোল গড়ার পরিকল্পনার কথাও শোনান। টাকার জন্য কোনও কাজ আটকাবে না বলে আশ্বাস দেন তিনি। বক্তব্যের শেষ দিকে আগের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের সরকার মহাপ্রভুর জন্মস্থানকে গুরুত্ব দেয়নি। নবদ্বীপের জন্য তারা কেবল দেশি-বিদেশি মদের দোকানই দিয়েছিল।