নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরে ঢোকার মুখে এবার বদলে যাচ্ছে পরিচিত ছবি। ডিএমসি মোড়ে বিশ্ব বাংলার লোগোর জায়গায় বসছে বজরংবলীর বিশাল মূর্তি। আগামী ২৭ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই মূর্তির উদ্বোধন হওয়ার কথা। তা ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনে।
একসময় শহরে ঢোকার মুখে এই মোড়েই শোভা পেত বিশ্ব বাংলার লোগো। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তা সরিয়ে ফেলা হয়। এবার সেই জায়গাতেই স্থায়ীভাবে বসতে চলেছে হনুমানের মূর্তি।
মূর্তি স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি।
এ প্রসঙ্গে লক্ষ্মণ ঘরুই বলেন, এত বড় বজরংবলীর মূর্তি দুর্গাপুরেই বসছে। যেখান থেকেই মানুষ আসুন না কেন, দুর্গাপুরে ঢোকার সময় হনুমানের মূর্তি দর্শন করেই শহরে প্রবেশ করবেন। দুর্গাপুজোর মণ্ডপে প্রথমে অস্থায়ীভাবে এই মূর্তি বসানো হয়েছিল। এবার স্থায়ীভাবে বসানো হচ্ছে। মুখ্যমন্ত্রী এই মূর্তির উদ্বোধন করবেন। প্রতিদিন এই মূর্তির পুজো করা হবে। পাশাপাশি এই মূর্তিকে ঘিরে দুর্গাপুরের প্রবেশপথের রূপও বদলে যাবে।
বিশ্ব বাংলার লোগোর বদলে বজরংবলীর মূর্তি বসানোর এই উদ্যোগ ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। ২৭ নভেম্বর উদ্বোধনের পর ডিএমসি মোড় দুর্গাপুরের প্রবেশপথে নতুন পরিচিতি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।