নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: বিসর্জনের জন্য ভক্তদের কাঁধে চেপেই রেললাইন পার হলেন মা জগদ্ধাত্রী। তাই ওই সময়ের জন্য কিছুক্ষন ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকল হাওড়া-বর্ধমান মেন শাখায়।
চন্দননগর রেলস্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেলস্টেশনের পূর্ব দিকে গঙ্গা হওয়ায় পশ্চিম দিকের ওই প্রতিমাগুলিকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া সম্ভব নয়।
চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার পুজোর প্রতিমা অন্যবারের মতো এবারেও কাঁধে করে রেললাইন পার করিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে নিয়ে যান। এরপর রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তোলা হয় লরিতে।
এই সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য পাওয়ার অফ করে দেওয়া হয় ওভারহেড তারের। রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে। প্রতিমা রেললাইন পার করার সময় রেল পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেট ও প্রশাসনের আধিকারিকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে ঘিরে রাখা হয় রেললাইন। প্রতিমা রেললাইন পার করার পর আবার ট্রেন ছাড়ে।
চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা সারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। প্রতি বছর আলোর শহরের বিসর্জন শোভাযাত্রায় থাকে অভিনবত্ব। নিয়ম অনুযায়ী, সন্ধেয় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে এ বছর দশমীর দিনে হয়নি শোভাযাত্রা। প্রাকৃতিক দুর্যোগের কারণে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে রবিবার সন্ধ্যায়। আবহাওয়া ঠিক হতেই শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।
বিসর্জনকে ঘিরে মণ্ডপে মণ্ডপে শুরু হয় প্রতিমা বরণ, সিঁদুর খেলা। তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।