ওঙ্কার ডেস্ক: ডিসেম্বরে হাসিনার ফেরার খবর সামনে আসতেই দেশজুড়ে অশান্তির আঁচ। তার মধ্যেই রাজনৈতিক ঐক্য গড়ার উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী শিবিরের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন তিনি।
প্রথম আলোর খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জামায়াত প্রধান শফিকুর রহমান এবং এনসিপি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে তারেকের বৈঠক হতে পারে। তবে দু’জনেই এই মুহূর্তে দেশের বাইরে। তাঁরা ফিরলেই আলোচনার টেবিলে বসার কথা। কাদের ডাকা হবে, এজেন্ডায় কী থাকবে — তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছে বিএনপি শিবির।
গত ১৮ নভেম্বরই অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তারেক। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে অরাজকতা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছিলেন। ভারতে বসে হাসিনা উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। তারেকের ঐক্যের ডাককে স্বাগত জানিয়েছে জামায়াত ও এনসিপি।
মন্ত্রীর কড়া বার্তা
শনিবার মাগুরা থেকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, হাসিনা ফাঁসির আসামি। তাঁর ও তাঁর দোসরদের ফাঁসির রায় হয়েছে। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইন মেনে সাজাপ্রাপ্ত আসামিকে ফেরত দিতে হয়। তাঁর আরও অভিযোগ, ভারতে বসেই ষড়যন্ত্র চলছে। কেন্দ্র গোপালগঞ্জ। টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষ ও তাঁদের নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। তা বরদাস্ত করা হবে না।
ভোররাতে ছাত্রনেতার বাড়িতে আগুন
এর মধ্যেই রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ খাগড়াছড়িতে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের বাড়িতে হামলার অভিযোগ। পেট্রলবোমা ছুড়ে ও কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা হয় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেছে। ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন সাদিক।
এদিকে ভারতে বসেই আইনজীবী মারফত ঢাকার সঙ্গে যোগাযোগ করেছেন হাসিনা। পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। এখনও তার জবাব মেলেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে ফাঁসির সাজা দিয়েছে। একাধিক মন্ত্রী বলছেন, ফিরলে সেই সাজা কার্যকর হবে। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।