অন্নপূর্ণার ভাঁড়ে শৈশব
শান্তনু প্রধান
তুমি কেমন আছো
সামনে এসে দাঁড়াও আমার বিছানার পাশে।
শতবর্ষীয় বৃদ্ধের মতো এই তো আমি বেঁচে আছি—
উদাসীন কুয়াশায় সমাচ্ছন্ন।
আমার দরজার সামনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে অনেক বহুরূপী
হেঁচকাটানে ছিঁড়ে ফেলেছে একরাশ স্তব্ধতা।
ইষ্টদেবতাও দাঁড়িয়ে দেখছে
রাস্তায় ছড়িয়ে পড়েছে গেরস্থালির জিনিসপত্র।
আমি শুধু অন্নপূর্ণার ভাঁড়ে জমিয়ে রেখেছি শৈশব।
এখন আমি ঠিক আছি, মা।
গাধা-বন্দুকটা যতই সামনে নাচুক
ঘুরে দাঁড়ানোই মানুষের আসল মন্ত্র।
আমিও তাই আর আতঙ্কিত নই।
বুকের ভেতর বরফ, নাকি পাথুরে মাটি
মাথা-ভর্তি অবচেতনার ট্যাবলেট নিয়ে
নেমে যাচ্ছি গভীর নদীতে—
মাধবীলতার গাছ থেকে
শুঁয়োপোকার ডিমগুলি সরিয়ে দিও।