ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন পারস্য উপসাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমানকে ক্ষতিগ্রস্ত করার দাবি করল ইরান। যদিও আমেরিকা অবশ্য সেই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবর অনুযায়ী, শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। সেনার জনসংযোগ দফতরের বিবৃতিতে বলা হয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে শনাক্ত করে।
ইরানের দাবি, তাদের বায়ু প্রতিরক্ষা বাহিনী বিমানটিকে অনুসরণ করে তার দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। বিমানের কাছাকাছি সেই ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় এবং তাতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর পাইলট অভিযান বাতিল করে কাছের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন। যদিও কোন ঘাঁটিতে বিমানটি নেমেছে, তা জানায়নি তেহরান।
এই দাবির পরই কড়া প্রতিক্রিয়া জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, ইরান মার্কিন এফ-১৬-তে হামলা চালিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জরুরি অবতরণে বাধ্য করেছে — এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার ইরান কোনও মার্কিন এফ-১৬-তে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদ এবং হিসাবমতোই রয়েছে।
পাশাপাশি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালীর উপর দিয়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে আঘাত করেছে। এর ফলে তাদের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ধ্বংস হওয়া মার্কিন ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮।
আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চালকবিহীন বিমানটিকে শনাক্ত, অনুসরণ এবং লক্ষ্য করে আঘাত করে। ওই গুরুত্বপূর্ণ জলপথে আকাশে নজরদারি চালানোর সময় ড্রোনটিকে লক্ষ্য করা হয়।
আইআরজিসি-র কমান্ডার মেজর জেনারেল আহমেদ ভাহিদি আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনে যাওয়ার সময় এই দাবিগুলি সামনে আসে।