ওঙ্কার ডেস্ক: পণ্যবাহী লরির চালকদের কাছে থেকে তোলা আদায়ের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, তোলা না পেয়ে লরির চাকা পাংচার করে দেওয়া হয়েছে। অভিযোগ, নিউ আলিপুর থানার পুলিশ এক এক করে ৩৮টি লরির টায়ার পাংচার করে দিয়েছে।
লরির মালিক ও চালকদের অভিযোগ, তোলা না দেওয়ায় চাকা পাংচার করে দেওয়ার পাশাপাশি উইন্ডস্ক্রিনও ভেঙে দিয়েছে পুলিশ। লরিচালকদের আরও অভিযোগ, প্রতি রাতে লরি পিছু ১০০ টাকা করে নেয় পুলিশ। কিন্তু, মঙ্গলবার রাতে এক লরিচালকের কাছে যখন পুলিশ টাকা দাবি করে, সেই সময় তাঁর কাছে টাকা ছিল না। টাকা দিতে না পারায় ওই লরির উপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে নিউ আলিপুর থানার সামনে জমায়েত করেন তাঁরা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন লরির মালিক ও চালকরা। আর এই বিক্ষোভের কারণে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় নিউ আলিপুর মোড়। গোটা বিষয়টি নজরে আসে লালবাজারের। তার পরই এ বিষয়ে হস্তক্ষেপ করেন পুলিশের শীর্ষ কর্তারা। তোলাবাজির অভিযোগে নিউ আলিপুর থানার চার সাব ইনসপেক্টরকে সাসপেন্ড করা হয়।
সূত্রের খবর, ইতিমধ্যে লালবাজারের তরফে গোটা বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। পুলিশের উচ্চ পদস্থ কর্তারা সেই ফুটেজে দেখেন নিউ আলিপুর থানার চারজন এসআই লরি ভাঙচুরের সময় উপস্থিত ছিলেন। এর পরেই চার জনকে সাসপেন্ড করা হয়।
