নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিছিল ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতর। মঙ্গলবার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলের ডাক দিয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। মিছিলের দায়িত্বে রয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের মিছিলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা নিজেও মিছিলে হাঁটবেন বলে দলীয় সূত্রে খবর।
এই মিছিল আটকাতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাতে পার্ক স্ট্রিটের একটি দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি পুলিশ কমিশনারকে মিছিল আটকানোর নির্দেশ দেন। তাঁর সাফ বার্তা, “রাজাবাজার থেকে এক পা-ও এগোতে দেব না। যেখানে শুরু, সেখানেই শেষ করে দেবেন। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামাতে বলেছি। দুর্গাপুজোয় কোনও বিশৃঙ্খলা করতে দেব না।”
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, প্রস্তাবিত এই মিছিলের জন্য সরকারিভাবে কোনও আবেদন জমা পড়েনি পুলিশের কাছে। ফলে অনুমতি ছাড়া এই কর্মসূচি করা যাবে না।
সিপি বলেন, “এই মিছিল কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে বা কত মানুষ যোগ দেবেন, সে বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই। সমাজমাধ্যমের পোস্ট বা পোস্টার দেখে প্রশাসন চলতে পারে না। এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।”
পুজোর সময় শহরে নিরাপত্তা ও যান চলাচল সামলাতে পুলিশের উপর বাড়তি চাপ থাকে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, মিছিলের জন্য আগে থেকে আবেদন করা, সম্ভাব্য জমায়েতের হিসাব দেওয়া এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা জরুরি। নিয়ম না মানলে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হবে, যার ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকেই।