অর্পিতা মুখার্জী, কলকাতা: রাজস্থানে ভারত-পাক সীমান্তে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় এ বার পঞ্জাব থেকে দু’জনকে গ্রেফতার করা হল। রাজস্থানের সন্ত্রাসদমন শাখা (এটিএস), শ্রীগঙ্গানগর থানার পুলিশ এবং পঞ্জাব পুলিশের একটি যৌথ অভিযানে ওই দু’জনকে ধরা হয়। ধৃতেরা হলেন মহকদীপ কৌর এবং দেবেন্দ্র সিংহ।
রেললাইন বিস্ফোরণের পাক-যোগের সন্দেহ আগেই করেছিলেন তদন্তকারীরা। পুলিশের দাবি, এই গ্রেফতারের পর সেই সন্দেহ আরও দৃঢ় হল। কারণ, মহকদীপের সঙ্গে পাকিস্তানের দুই দালালের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, পাকিস্তানের ওই দুই দালাল ‘চাচা’ এবং ‘শাহ’ নামে পরিচিত। প্রেমের ফাঁদে ফেলে এবং টাকা দিয়ে মহকদীপকে নাশকতামূলক কাজে যুক্ত করার অভিযোগ উঠেছে। এই কাজে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে বলেও দাবি পুলিশের। অতীতে ববিতা নামে শ্রীগঙ্গানগর এলাকার এক বাসিন্দাকে এ ভাবে ফাঁদে ফেলা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
মহকদীপ বিবাহিত। তবে স্বামীর সঙ্গে থাকেন না তিনি। বেশ কয়েক মাস হল আলাদা বাড়িতে ভাড়া করে থাকতেন মহকদীপ। তাঁর স্বামী মাদক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি। পুলিশের দাবি, এ ধরনের একাকী মহিলাদের মূলত নিশানা করে আইএসআই। তদন্তে জানা গিয়েছে, রেললাইন বিস্ফোরণের ঘটনার জন্য টাকা পেয়েছিলেন মহকদীপ।
পুলিশ ওই মহিলার থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। তদন্তকারীরা সন্দেহভাজন আরও তিন জনকে আটক করেছে। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তিরা মহকদীপকে সাহায্য করেছিলেন। ঘটনাস্থলে যাতায়াত করার জন্য বাইকের ব্যবস্থা করে দিয়েছিলেন। কখনও কখনও তাঁকে নিয়ে ‘রেকি’ করতে ঘটনাস্থলেও গিয়েছিলেন ওই ব্যক্তিরা। তবে এই বিস্ফোরণের ঘটনায় দেবেন্দ্রর কী ভূমিকা, তা এখনও স্পষ্ট নয়।
গত ৩ নভেম্বর রাতে শ্রীগঙ্গানগর জেলায় অনুপগড় এবং সুরতগড়ের মাঝে রেললাইনে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের আওয়াজ ২০০ মিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার দু’জন।