ওঙ্কার ডেস্ক: পোশাক ফতোয়া মধ্যপ্রদেশের জব্বলপুরের ৪০টি মন্দিরে। জিন্স, টপ, মিনিস্কার্ট না পরে মন্দিরে আসার জন্য পোস্টার মারা হয়েছে মন্দিরের বাইরে। পোস্টারগুলি মারা হয়েছে মহাকাল সঙ্ঘ ইন্টারন্যাশনাল বজরং দলের তরফে। মন্দিরে এমন পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্দিরের বাইরে দেখা যায় এমন পোস্টার। যেখানে ভক্তদের উদ্দেশ্যে লেখা হয়েছে জিন্স, টপ ও মিনিস্কার্ট পরে মন্দিরে না আসার জন্য। একটি দুটি মন্দিরে নয়, এমন পোস্টার মারা হয়েছে জব্বলপুরের ৪০টি মন্দিরে। পোস্টারে বলা হয়েছে, ভক্তরা যেন ‘সাংস্কৃতিকভাবে উপযুক্ত’ পোশাক পরে মন্দিরে আসেন। মন্দিরে কেন এমন পোশাক ফতোয়া? এই প্রশ্নের জবাবে মহাকাল সঙ্ঘ ইন্টারন্যাশনাল বজরং দলের তরফে সংগঠনের মুখপাত্র বলেন, ‘বিষয়টিকে অন্যভাবে নেওয়া উচিত নয়। ভারতীয় সংস্কৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মহিলাদের মন্দিরে যাওয়ার সময় সাংস্কৃতিকভাবে উপযুক্ত পোশাক পরার আহ্বান জানাই।’
ডানপন্থী সংগঠনের এমন পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নারীবাদী ও মানবাধিকার সংগঠনগুলি বিষয়টির বিরোধিতা করে দরব হয়েছে। প্রশ্ন উঠছে, ঈশ্বর নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের। সেক্ষেত্রে মন্দিরে যেতে হলে কেন পোশাক ফতোয়া মানতে হবে। নারী অধিকার কর্মীদের বক্তব্য, একজন মহিলা শাড়ি, সালোয়ার, কুর্তা যা খুশি পরে মন্দিরে যেতে পারেন। তিনি কী পরবেন আর কী পরবেন না তা কী ভাবে কেউ ঠিক করে দিতে পারে?
