ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারও বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের শীর্ষ নেতাদের সামনে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। ব্যক্তিগত কটাক্ষ ও ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় নিকোলাস মাদুরো নাকি তার নাচের নকল করে তাঁকে অপমান করেছে। পাশাপাশি তিনি এও বলেন মাদুরো খুব হিংস্র একজন মানুষ।
ট্রাম্প বলেন, নিকোলাস মাদুরো একজন হিংস্র ও নিষ্ঠুর শাসক, যার শাসনামলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তাঁর অভিযোগ, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধীদের উপর ভয়াবহ অত্যাচার চালানোর জন্য গোপন নির্যাতন কেন্দ্র বা টর্চার রুম তৈরি করা হয়েছিল। এই সব কর্মকাণ্ডের জন্য মাদুরোকে সরাসরি অপরাধী হিসেবে দায়ী করেন ট্রাম্প এবং বলেন, এমন শাসকের আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। অন্যদিকে ভেনেজুয়ালার রাজধানী কারাকাসে হঠাৎই বায়ু হামলা চালায় মার্কিন বাহিনী। বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প মাদুরোকে ব্যঙ্গ করে বলেন, তিনি জনসমক্ষে ট্রাম্পের পরিচিত নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করতেন। ট্রাম্পের ভাষায়, মাদুরোর এই আচরণ ছিল হাস্যকর এবং তা তাঁর অপরাধমূলক চরিত্রেরই প্রতিফলন।
ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সাফল্য। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার সাধারণ মানুষকে ভয় ও দমন-পীড়নের হাত থেকে মুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি মার্কিন সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতার প্রশংসা করে বলেন, বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রেরই রয়েছে। মাদুরোকে অপহরণ করার মাত্র তিন দিনের মধ্যেই ট্রাম্প নিজের সমাজ মাধ্যমে লেখেন ভেনেজুয়েলার বিপুল অর্থ ভান্ডার এবার থকে মার্কিন মুলুকে তেল রপ্তানি করবে এবং এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে খোদ মার্কিন প্রশাসন।
ভেনেজুয়েলার প্রসঙ্গ শেষ করে ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে রিপাবলিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, এই ধরনের কঠোর অবস্থানই দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক নেতৃত্ব বজায় রাখতে সাহায্য করবে।
