ওঙ্কার ডেস্ক: টানা তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়েছে ইন্ডিয়া জোট। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন বিরোধী সাংসদরা। শুক্রবার রাত ৮টায় সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি। এই প্রতিনিধি দলে থাকছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
দিল্লিতে একের পর এক কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রতিবাদ জারি রেখেছে বিরোধী জোট। মঙ্গলবার সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করেন সাংসদরা। বুধবার আচমকাই তাঁরা পৌঁছে যান যন্তর মন্তরে। বৃহস্পতিবারের কর্মসূচি ছিল রাজঘাটে। এবার রাষ্ট্রপতির কাছে নিজেদের দাবি তুলে ধরতে চলেছেন তাঁরা। শুক্রবারের বৈঠকে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবিও প্রতিনিধি দলে থাকবেন। আরজেডির তরফে যোগ দেবেন তেজস্বী যাদব। সমাজবাদী পার্টির একজন প্রতিনিধিও থাকতে পারেন। এনসিপি (শরদ পাওয়ার) থেকে সুপ্রিয়া সুলের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বিকেল ৫টায় সংসদের সেন্ট্রাল হলে একত্রিত হবেন বিরোধী নেতারা। প্রতিনিধি দলে ১০ জনের বেশি সদস্য থাকতে পারেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাতের সময় নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ জানতে চেয়েছেন, সারাদিন অপেক্ষার পর রাত ৮টায় কেন সময় দেওয়া হল? তাঁর প্রশ্ন, এই সময় নির্ধারণের পিছনে কি বিরোধীদের প্রচার সীমিত রাখার উদ্দেশ্য রয়েছে?