ওঙ্কার ডেস্ক: বন্দুক দিয়ে নিজের স্ত্রী এবং দুই কন্যাকে গুলি করে খুন করার পর আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর জেলায়। একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের পরিবেশ এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত বন্দুক উদ্ধার করেছেন তদন্তকারীরা।
রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। অন্যান্য দিনের মত গৃহকর্মী এদিন বাড়িতে এসে দেখেন বাড়ির গেট ভেতর থেকে তালা দেওয়া। দরজায় অনেকবার কড়া নাড়লে এবং ডাকাডাকি করা সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তিনি দোতলায় বসবাসকারী ভাড়াটিয়াকে জানান। ভাড়াটিয়া প্রতিবেশীকে খবর দেওয়ার পর দুটি পরিবার মিলে ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীকে বেশ কয়েকবার ফোন করেন। কিন্তু কোনও উত্তর আসেনি। এরপর দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, ৪২ বছর বয়সী আমনদীপ সিং তাঁর স্ত্রী জসবীর কৌর (৪০) এবং তাঁদের দুই মেয়ে মনবীর কৌর (১০) ও পারমিত কৌরকে (৬) হত্যা করেছেন। মৃতদেহগুলোর পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমনদীপ সিং একজন অর্থলগ্নিকারী ছিলেন। সিনিয়র পুলিশ সুপার ভূপিন্দর সিং সিধু বলেছেন, অপরাধের পেছনের উদ্দেশ্য নিশ্চিত করার জন্য পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য একটি ফরেনসিক দল পাঠানো হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
