ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার কলকাতায় এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে সংস্থার দফতরে যান। সেখানে ইডি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। ইডির সিনিয়র আধিকারিক এবং শীর্ষকর্তারা বৈঠকে রয়েছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তদন্তাধীন একাধিক মামলার বিষয়ে আলোচনা হতে পারে রাহুলের বৈঠকে।
সূত্রের খবর, কলকাতায় যে ‘হাই প্রোফাইল’ মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করবেন রাহুল। কোন মামলার কী অবস্থা, তদন্ত কত দূর এগিয়েছে, তার রিপোর্ট ডিরেক্টরের জন্য আগে থেকেই প্রস্তত করে রেখেছেন তদন্তকারী আধিকারিকেরা।
জানা গিয়েছে, বৈঠকে উঠতে পারে বালি পাচার, কয়লা পাচার, সহারার মামলা, পুরসভার একটি মামলার প্রসঙ্গ। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা আপাতত থিতিয়ে গেলেও এসএসসি-র মামলা ইডির হাতে রয়েছে। তার খোঁজও নিতে পারেন রাহুল।
সম্প্রতি আইপ্যাকের দফতরে এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান ঘিরে ইডির সঙ্গে রাজ্যের সংঘাত হয়েছে। তা নিয়ে ভোটের আগে বিস্তর জলঘোলাও হচ্ছে।
