অর্পিতা মুখার্জী, কলকাতা: মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠান। আর সেখানেই নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা পাতা খুলে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, এক সময় প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন কেমব্রিজের সেই রেস্তোরাঁয়, যেখানে প্রথম দেখা হয়েছিল তাঁর বাবা-মায়ের। সেই প্রেমিকা এখন কোথায়? প্রশ্ন শুনে রাহুলের জবাব, “সে এখন বন্ধু।”
অনুষ্ঠানে রাহুল বলেন, ছোট থেকেই বাবা-মায়ের দেখা হওয়ার গল্পটা তাঁর কাছে অনেকটা রূপকথার মতো ছিল। সবাই বলত, কেমব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় প্রথম দেখা হয়েছিল রাজীব আর সোনিয়ার। বহু বছর পর কেমব্রিজে গিয়ে সেই রেস্তোরাঁ দেখার ইচ্ছা হয় রাহুলের। তখন সঙ্গে ছিলেন তাঁর তৎকালীন প্রেমিকা। তাঁকে নিয়েই তিনি ঢুকে পড়েন ভার্সিটি রেস্তোরাঁয়।
রাহুলের কথায়, “মেনু নিয়ে আসার পর আমি বললাম, এই রেস্তোরাঁয় আমার বাবা-মায়ের দেখা হয়েছিল। কর্মীটি আমার দিকে তাকিয়ে বললেন, ‘ওহ, ওঁরা! আমি ওঁদের চিনি।’ আমি অবাক হয়ে বললাম, ‘আপনি ওঁদের সম্পর্কে কী জানেন?’ তিনি বললেন, ‘ওই দু’জন। আমি ঠিক জানি আপনি কাদের কথা বলছেন।’” দশকের পর দশক পেরিয়ে গেলেও কর্মীর মুখে বাবা-মায়ের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল।
এরপরই অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়, সেই প্রেমিকার কথা। হেসে রাহুল বলেন, “সে এখন বন্ধু।” এদিন শুধু প্রেমের গল্প নয়, মায়ের লড়াইয়ের কথাও তুলে ধরেন রাহুল। বইয়ে মা নিজের অসুখের কথা কমিয়ে লিখেছেন বলে জানান তিনি। রাহুলের দাবি, সোনিয়া গান্ধী দু’বার নয়, চার বার ক্যানসারকে হারিয়েছেন।
তিনি বলেন, “এই বইয়ে আপনারা বাবার মৃত্যুর আগের মাকে দেখছেন। মা লিখেছে দু’বার ক্যানসার জয়ী, তিন বার ক্যানসার। আসলে মা চার বারের ক্যানসার জয়ী। সবকিছু ছোট করে দেখায় মা। জীবনে একবারও মাকে ভয় পেতে দেখিনি। একবারও পিছু হটতে দেখিনি।” পাশে বসা মাকে উদ্দেশ্য করে রাহুল আরও বলেন, “মা-বাবা তোমাকে ভালবাসতেন, কিন্তু তোমাকে নিয়ে বাবা কতটা গর্বিত হতেন, তা বলে বোঝাতে পারব না।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
অন্যদিকে, সোনিয়া গান্ধী এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিরে যান রাজীব গান্ধীর হত্যার পরের কঠিন দিনগুলিতে। ১৯৯১ সালে বাবার মৃত্যুর কয়েক মাস পর বিদেশে পড়তে যেতে হয় রাহুলকে। সোনিয়া জানান, হার্ভার্ডে নিরাপত্তা নিয়ে পড়া সম্ভব ছিল না, কারণ তাতে অন্যদের বিপদ হতে পারত।
সোনিয়ার কথায়, “তাই এখানকার সবদিক বিবেচনা করে রাহুলকে অন্য এক কলেজে ভর্তি করানো হয়। সেখানে বেশিরভাগই আমেরিকান পড়ুয়া ছিল। কিন্তু সেখানে কেউ রাহুলের আসল পরিচয় জানত না। কেউ ওর আসল নাম জানত না। পরিবারের কথা বলতে না পেরে বন্ধুদের সঙ্গে মেশাও নিশ্চয়ই খুব কঠিন ছিল ওর পক্ষে।”