নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অবশেষে মেঘলা আকাশ থেকে মুক্তি। অষ্টমীর সকালে রোদ ঝলমলে আকাশের দেখা মিলল সর্বত্র। যদিও গতকাল অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। কলকাতায় বৃষ্টি হয়নি। এমতাবস্থায় পুজোর বাকি দিনগুলিও নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারবেন বঙ্গবাসী, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হয়নি। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
উত্তরবঙ্গেও পরিস্থিতি একই। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে সোমবার অষ্টমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। আপাতত ঠান্ডার আমেজ আসছে না রাজ্যে। শনিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই ছিল। সবচেয়ে বেশি গরম ছিল উলুবেড়িয়ায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ভোরে সবচেয়ে কম তাপমাত্রা ছিল ঝাড়গ্রামে, ২১.৮ ডিগ্রি।
উত্তরবঙ্গে শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল জলপাইগুড়িতে, ৩৩.২ ডিগ্রি। রবিবার ভোরে সমতলে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুণ্ডিবাড়িতে। পাহাড়ে দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রিতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে এবং রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকবে। ফলে সকালে রোদ বাড়লে সামান্য অস্বস্তি হতে পারে, তবে পুজো দেখায় বাধা হবে না।