বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: এবারের দুর্গাপুজোয় নারীশক্তিকেই মূল ভাবনা হিসেবে বেছে নিল তাড়দহ নস্করাইট রূপায়ণ সংঘ। ২০২৬-এ তাদের সার্বজনীন দুর্গোৎসবের ভাবনা – ‘আমি সেই মেয়ে’। ১৯৫২ সাল থেকে ধারাবাহিকভাবে হয়ে আসা এই ঐতিহ্যবাহী পুজো এবার এক অন্য মাত্রা পেয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, শুধু মণ্ডপের দেবী দুর্গাই নন, সমাজের প্রতিটি মেয়ের মধ্যেই যে দুর্গা লুকিয়ে আছে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্য়মে।
এবারের মূল স্লোগান – “শিক্ষায়, স্বাধীনতায়, সাহসে, সমতার পথে নতুন আগামী, নারী শক্তি সমাজের প্রেরণা”। অর্থাৎ মণ্ডপসজ্জা থেকে প্রতিমা, সর্বত্রই ফুটে উঠবে শিক্ষা, স্বাধীনতা, সাহস ও সমতার পথে নারীর এগিয়ে চলার কাহিনী।
সংঘের সদস্যরা জানান, “আমি সেই মেয়ে” থিমের মাধ্যমে তাঁরা সেইসব মেয়েদের কথা বলতে চান, যারা প্রতিদিন লড়াই করে নিজের পরিচয় তৈরি করছে। কখনও স্কুলের প্রথম সারিতে, কখনও খেলার মাঠে, আবার কখনও সংসার সামলে কর্মক্ষেত্রে – প্রতিটি ক্ষেত্রেই নারীরা আজ অনুপ্রেরণা।
ক্লাবের অন্যতম সদস্য ও লিটল গ্রুপের কর্ণধার প্রবীর কর্মকার বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা মাকে মেয়ে রূপে প্রতিপালন করে ধন্য হয়েছি। প্রতিটা মেয়েকে মায়ের চোখে সম্মান করা দরকার। সেই বার্তাই আমরা মণ্ডপে তুলে ধরেছি।”