ওঙ্কার ডেস্ক: রাজ্যে শুক্রবার ধুমধাম করে পালিত হবে রাখিবন্ধন উৎসব। তার জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধু রাখি কেনার জন্যই বরাদ্দ হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। বাকি অর্থ খরচ হবে বিভিন্ন স্তরে উৎসব আয়োজনের জন্য।
শুক্রবার সকাল ১০টায় নজরুল মঞ্চে হবে রাজ্যস্তরের অনুষ্ঠান। সেখানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিত থাকার কথা। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের হিসাবে, গোটা উৎসবের জন্য মোট বরাদ্দ ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলি। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা।৩৪৫টি ব্লকে উৎসব পালনের জন্য রাখা হয়েছে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা। এছাড়াও ২২টি জেলা সদর দফতর পাবে ২২ লক্ষ টাকা। ৪৫টি মহকুমার জন্য বরাদ্দ ১১ লক্ষ ২৫ হাজার টাকা।
পুরসভাগুলির জন্যও আলাদা বরাদ্দ রয়েছে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য দেওয়া হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ছ’টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য বরাদ্দ ৬ লক্ষ টাকা। রাজ্যের ১২১টি পুরসভার জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ২১ লক্ষ টাকা।পাশাপাশি জিটিএ এবং কলকাতা পুরনিগমের মূল অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকা করে রাখা হয়েছে।এবারের রাখিবন্ধন উৎসব রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ। রাজ্যে পালাবদলের পর এই প্রথম সরকারের উদ্যোগে বড় আকারে উৎসব পালিত হতে চলেছে।