ওঙ্কার ডেস্ক: স্ত্রীর সাধভক্ষণ অনুষ্ঠান হয়েছে বুধবার। বাড়িতে এসেছিলেন আত্মীয়স্বজন। সেই অনুষ্ঠানের এক দিন পরই ভাগীরথী নদীতে ঝাঁপ দিলেন এক ইউটিউবার। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে।
নিখোঁজ যুবকের নাম সাগর বিশ্বাস। তিনি শান্তিপুরের বাসিন্দা। ইউটিউবে প্রমোশনাল বিজ্ঞাপনের কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, বুধবার ছিল সাগরের স্ত্রীর সাধভক্ষণ। অনুষ্ঠান শেষে রাতে ভাইরাভাই অজয় হালদারের সঙ্গে বাইকে বেরিয়েছিলেন তিনি। অজয়ের দাবি, রাতে দু’জনে মদ্যপানও করেন। এরপর শান্তিপুরের বিভিন্ন এলাকায় ঘোরেন। ভোরে তাঁরা পৌঁছন নৃসিংহপুর ঘাটে। সেখানে চা খাচ্ছিলেন দু’জনে। আচমকাই ভেসেলে উঠে পড়েন সাগর। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই ভাগীরথীর জলে ঝাঁপ দেন তিনি। এদিকে সাগরকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে নামেন অজয়। তাঁর দাবি, সাঁতরে গিয়ে সাগরের জামার কলার ধরেও ফেলেছিলেন। কিন্তু সাগর আচমকা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেন। এরপর গভীর জলে তলিয়ে যান।
ঘটনার পর থেকেই চলছে তল্লাশি। পুলিশ এবং উদ্ধারকারীরা নদীতে সাগরের খোঁজ চালাচ্ছেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন ওই যুবক? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। পরিবারের কাছেও স্পষ্ট কোনও কারণ নেই। অজয়ের বক্তব্যে অবশ্য নতুন একটি তথ্য সামনে এসেছে। তাঁর দাবি, বুধবার রাত থেকেই সাগরের কাছে বারবার একটি ফোন আসছিল। ফোনটি নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন সাগর। অজয়ের দাবি, ফোনের ওপারে থাকা কারও সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে সাগরের ঝামেলা হয়। এরপর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি ভাইরাভাইয়ের।