ওঙ্কার ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন স্পিকার।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছে রথীন্দ্রনাথ বসুর শারীরিক অবস্থা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বিধানসভার স্পিকার। গান্ধীজয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এছাড়াও তাঁর আরও কয়েকটি কর্মসূচি ছিল। সব অনুষ্ঠান শেষ করে রাতে বাড়ি ফেরেন রথীন্দ্রনাথ।
বাড়ি ফেরার পরই হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছনোর পর শুরু হয় চিকিৎসা। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন রথীন্দ্র। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রথীন্দ্রনাথ। ওই নির্বাচনে তৃণমূলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে বিধানসভার স্পিকার হন রথীন্দ্রনাথ। অসুস্থ হওয়ার পর আপাতত চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন বিধানসভার স্পিকার।