নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:সপ্তমীর রাতে ডিউটি সামলাতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিক। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল পার্ক মোড়ে। আহত পুলিশ আধিকারিকের নাম রবীন্দ্রনাথ নায়েক। তিনি মুচিপাড়া ট্রাফিক গার্ডের এএসআই পদে কর্মরত।
পুলিশ সূত্রে খবর, সপ্তমীর রাতে স্টিল পার্ক মোড়ে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন এএসআই রবীন্দ্রনাথ নায়েক। সেই সময় একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কা মারার পর গাড়িটি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টিল পার্ক মোড়ে ধাক্কা মারার আগেও ওই গাড়িটি আরও কয়েকটি জায়গায় ধাক্কা মেরেছিল। পুজোর ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই ঘটনায় এখনও কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্ত গাড়ি ও চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল রাতে ওই ঘটনার পর আহত এএসআইকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক এবং ট্রাফিকের সিআই।