নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ধর্মীয় আচার ও কঠোর নিয়ম-নিষ্ঠা মেনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কুমারী পুজো। সোমবার এই পুজো দেখতে আশ্রমে ভিড় জমান অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। শুধু জলপাইগুড়ি নয়, পাশের জেলাগুলি থেকেও বহু মানুষ এসেছিলেন।
আশ্রমের এই কুমারী পুজো বরাবরই নিয়ম-নিষ্ঠা ও আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। একটি শিশু কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পুজো করাই এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। আশ্রমের মহারাজের পৌরোহিত্যে সম্পূর্ণ বৈদিক রীতি মেনে পুজো সম্পন্ন হয়। সকাল থেকেই ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে আশ্রম চত্বর।
কোনও জাঁকজমক ছাড়াই প্রাচীন ঐতিহ্য মেনে প্রতি বছরই এই পুজো হয়। সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা। বিশেষ করে কুমারী পুজোকে ঘিরে আলাদা উন্মাদনা থাকে। কঠোর নিরাপত্তার মধ্যে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এবারও পুজো সম্পন্ন হয়েছে।
এ বছর কুমারী হয়েছে ৬ বছর ১০ মাসের হৃতিকা চক্রবর্ত্তী। সে জলপাইগুড়ি নিউটাউন পাড়ার বাসিন্দা। সেন্ট পলস স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। বাবা মৃন্ময় চক্রবর্ত্তী পেশায় গ্রাম পঞ্চায়েত কর্মচারী এবং মা অমৃতা চক্রবর্ত্তী পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।