নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে বড়সড় সাফল্য পেল কর্নাটক পুলিশ। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে একাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে।
প্রিয়াঙ্ক খাড়্গের দাবি, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের দুই ব্যক্তি পাকিস্তানের সন্দেহভাজন হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাঁরা পাক মদতপুষ্ট উগ্রপন্থী তৈরির নেটওয়ার্ক বা র্যাডিকালাইজেশন চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠানো হয়েছে।
তদন্তের দায়িত্বে রয়েছে রাজ্যের ইন্টারনাল সিকিউরিটি ডিভিশন (ISD) এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। দুই সংস্থা যৌথভাবে কাজ করছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা IB, NIA সহ অন্যান্য নিরাপত্তা এজেন্সির সঙ্গেও তথ্য আদানপ্রদান চলছে বলে জানিয়েছেন মন্ত্রী।
এই চক্রে শুধু বাংলাই নয়, উত্তরপ্রদেশের নামও জড়িয়েছে। গত মাসেই ইউপি থেকে দু’জনকে তুলেছে কর্নাটক পুলিশ। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, অন্যজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের অনুমান, এর পিছনে আন্তঃরাজ্য স্লিপার সেল কাজ করতে পারে। ধৃতদের অনলাইন অ্যাক্টিভিটি, বিদেশি নম্বরে কল, টাকার লেনদেনের উপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে রাজ্যজুড়ে সতর্কতা জারি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বৃহত্তর নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।