ওঙ্কার ডেস্ক: মোবাইলে রিল বানানোর নেশা পেয়ে বসেছিল। রেললাইনে তাই ভিডিও বানাতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে হল এক নাবালককে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওড়িশার পুরীতে। দুর্ঘটনায় কিশোরের মৃত্যুতে শোকের ছায়া তার পরিবারে। ইতিমধ্যে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কোন ট্রেনের ধাক্কায় ওই নাবালকের মৃত্যু হয়েছে তা রেলের তরফে স্পষ্ট করা হয়নি। সেই সঙ্গে মৃত নাবালকের পরিচয়ও সামনে আনেনি প্রশাসন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার এই ঘটনা ঘটলেও সেদিন এটি প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। ট্রেনের ধাক্কায় মৃত নাবালক মঙ্গলাঘাট এলাকার বাসিন্দা। ওই দিন সকালে মায়ের সঙ্গে সে দক্ষিণা কালী মন্দিরে গিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না তার। ঘরের পথে ফেরার কিছুক্ষণ আগে সে রেললাইনের ধারে যায় রিল বানাতে। রিল তৈরির নেশায় এতটাই কাছে চলে গিয়েছিল ওই নাবালক যে ট্রেন এলেও তা ঘুণাক্ষরে টের পায়নি সে। মুহূর্তের মধ্যে তাকে পিষে দিয়ে চলে যায় রেলগাড়ি।
এই ঘটনার পর কার্যত দিশেহারা অবস্থা নিহত কিশোরের পরিবারে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। রেলের আধিকারকরাও ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, রিল বানানোর নেশা তরুণ প্রজন্মকে ক্রমশ গ্রাস করে ফেলেছে বলে মত সমাজ পর্যবেক্ষকদের। এর আগে রিল বানাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে অনেকের। গত জুন মাসে বেঙ্গালুরুর পারাপ্পান অগ্রহর এলাকায় রিল বানাতে গিয়ে নির্মীয়মাণ বহুতলের ১৩ তলা থেকে পা পিছলে পড়ে মৃত্যু হয় ২০ বছরের এক তরুণীর।
