ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইরানের কেশম দ্বীপে হামলা চালাল আমেরিকা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোমবার এই হামলা চালানো হয়।
ওই সংবাদমাধ্যমের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন আধিকারিকদের বরাত দিয়ে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে গোপনে ইরানের বিরুদ্ধে একাধিক ছোট মাপের হামলা চালাচ্ছে ওয়াশিংটন। তারই অঙ্গ হিসেবে কেশম দ্বীপে এই হামলা চালান হয়েছে। ইরানের এক সরকারি সংবাদ সংস্থার তরফেও জানান হয়েছে, দ্বীপে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আকাশে দুটি যুদ্ধবিমানও দেখা গিয়েছে।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই হামলাগুলিকে প্রতিরক্ষামূলক হিসেবে ব্যাখ্যা করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা রুখতেই এই পদক্ষেপ, দাবি মার্কিন আধিকারিকদের।
অন্যদিকে, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মন্তব্যে যুদ্ধ শেষের ইঙ্গিত মিলেছে। এই আবহে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। হরমুজ প্রণালী অবরোধের জেরে তেলের দাম আকাশ ছুঁয়েছিল। সোমবার চুক্তির আশায় তেলের দাম সাত শতাংশেরও বেশি কমেছে। কিন্তু তার মধ্যেই আমেরিকার নতুন হামলা এই সম্ভবনায় জল ঢালবে বলেই মনে করছে অনেকে।