গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল কয়েক মাস পরেই। তার আগে নিজের বিয়ের দেখাশোনা করতেই সুদূর বেঙ্গালুরু থেকে মামার বাড়ি ফিরেছিলেন। কিন্তু স্বপ্ন আর পূরণ হল না। অনুষ্ঠান থেকে ফেরার পথেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে হলেন যুবক।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ত্রিকোণ কলোনি এলাকায়। মৃত যুবকের নাম দেব কুমার গায়েন। পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি। ছোটবেলাতেই মাথার উপর থেকে সরে গিয়েছিল বাবা-মায়ের ছায়া। অনাথ দেবকে বুকে করে মানুষ করেছিল মামার বাড়ির লোকজন। পেটের তাগিদে ভিনরাজ্যে পাড়ি দিতে হয়েছিল তাঁকে। এমতাবস্থায় কয়েকদিন আগেই মামা-মামি খবর দিয়েছিলেন, “এবার ঘরে ফের, তোর জন্য পাত্রী দেখেছি।”
পরিবার সূত্রে খবর, পাকা দেখা হয়ে গেছিল যুবকের। বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনাও শুরু হয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন দেব। ত্রিকোণ কলোনির নির্জন রাস্তায় আগে থেকেই ওঁত পেতে ছিল দুষ্কৃতীরা। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দেব। রক্তে ভেসে যায় রাস্তা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বাসন্তী থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কিন্তু যুবক খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। পুরনো শত্রুতা নাকি নাকি, অন্য রহস্য তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে যুবকের এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।