ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডের পর গত বছর তাঁর ডাকে ‘রাত দখল’ কর্মসূচি হয়েছিল। অভয়ার পরিবার এখনও বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রথম বর্ষপূর্তিতে ফের বিচারের দাবিতে পথে নামতে চলেছেন রাত দখল কর্মসূচির আহ্বায়ক রিমঝিম সিংহ। আগামী ১৪ আগস্ট কর্মসূচির ডাক দিয়েছেন রিমঝিম।
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের এক বছর ৯ আগস্ট। এদিন ‘ঘুম নেই যে রাতে, জেগে থাকি প্রতিবাদে…’ এই স্লোগানকে সামনে রেখে ফের রাজ্যজুড়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছে। বিচারের দাবিতে হবে নবান্ন ও কালীঘাট অভিযান। শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় নাচ-গান, ছবি আঁকা, নাটকের মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে সরব হবেন বহু মানুষ। রাজনৈতিক দলের ব্যানার ছাড়াও এই কর্মসূচিতে সামিল হবেন বিভিন্ন মতাদর্শের মানুষ। পাশাপাশি বামপন্থী দল ও গণসংগঠনগুলোও অংশ নেবে। বিরোধী দল বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বও কর্মসূচিতে যোগ দেবেন। তবে ৯ আগস্টের কর্মসূচিতে থাকবেন না রিমঝিম সিংহ। তবে না থাকলেও এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন তিনি। রিমঝিম জানান, ১৪ আগস্ট তাঁরা কর্মসূচির ডাক দিয়েছেন। সে কারণে প্রচারের ব্যস্ততা রয়েছে। ফলে ৯ তারিখে তিনি থাকতে পারবেন না।
অন্য দিকে আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে । ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সিবিআইও এ পর্যন্ত বড়জোর ‘বৃহত্তর ষড়যন্ত্র’ আর ‘তথ্যপ্রমাণ নষ্ট’-এর কথা বলেই থেমে আছে । আজও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি । যারা আসল মাথা, তারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে । শাস্তির তো প্রশ্নই আসে না ! প্রথম দিনের সমস্ত সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে এই লড়াইয়ে সামিল হব । যাঁরা কলকাতায় আসতে পারবেন না, তাঁদেরও অনুরোধ নিজ নিজ এলাকায় বা ক্যাম্পাসে অভয়ার স্মৃতিতে জেগে থাকুন, প্রতিবাদের শপথ নিন।’
