ওঙ্কার ডেস্ক: ফের বিষাক্ত গ্যাসের বলি হলেন দুই শ্রমিক। উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে নর্দমার ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই সাফাইকর্মীর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই শ্রমিকের নাম নরেন্দ্র (৩৮) এবং ছোটেলাল (৪০)। শনিবার সন্ধ্যায় বৃন্দাবন শহরের একটি গেস্ট হাউসের নর্দমার ট্যাঙ্ক পরিস্কার করার কাজ করছিলেন দুজনেই। সেই সময় ওই ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের ফলে দম বন্ধ হয়ে নরেন্দ্র ও ছোটেলালের। ঘটনাস্থলেই কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির আধিকারিক কুলবীর সিং জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে এবং ঠিকাদারকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দুই শ্রমিক কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই নর্দমার ট্যাঙ্কে নেমেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার বানতলায় চর্মনগরীর সেক্টর-৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে ম্যানহোলে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রেও কারণ হিসেবে উঠে এসেছিল নর্দমার বিষাক্ত গ্যাস।
