ওঙ্কার ডেস্কঃ ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ জালে শওকত মোল্লা। আপাতত জেলে। এবার সেই দাপুটে নেতার নামেই ধর্ষণের অভিযোগ। গত ১৫ জুন, প্রাক্তন তৃণমূল বিধায়কের শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
মহিলার দাবি, ঘটনা ২০১৯ সালে মার্চ মাসের। সেই সময় তাঁর বছর পাঁচেকের সন্তানকে কিছু লোক তুলে নিয়ে যায়। সন্তানকে ফিরে পেতে অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন মহিলা। ওই অভিযুক্ত ছিলেন শওকত মোল্লার গাড়িচালকের দাদা। সে মহিলাকে একটি ডেরায় ডেকে নিয়ে যায়। সেখানে মহিলাকে মারধর ও ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। বলা হয়, যখনই ডাকা হবে, তখন না আসলে সন্তানকে আর পাবেন না। অভিযোগ, ধর্ষণের ছবি ও ভিডিও অভিযুক্ত তুলে রেখে ব্ল্যাকমেল করে। বধূর আরও দাবি, ওই অভিযুক্তই নাকি শওকতের ডেরায় পাঠায় তাঁকে। শওকতও নাকি ধর্ষণ করে মহিলাকে। এতদিন ধরে ভয় এবং লজ্জায় তিনি কিছু জানাতে পারেননি বলেই দাবি বধূর।
বর্তমানে জেলে রয়েছেন শওকত মোল্লা। তারপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করার সাহস পান মহিলা। সুবিচারের দাবিতে সরব হয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে এনআইএ-র একাধিক দল ভাঙড়ে হানা দেয়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত। বেশ কয়েকদিন পর দক্ষিণ ২৪ পরগনা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়।