ওঙ্কার ডেস্ক: দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে যাত্রীদের স্বার্থে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা ঘোষণা না হওয়া পর্যন্ত এবং ডিসপ্লে বোর্ডে না দেখানো পর্যন্ত যাত্রীরা জানতে পারেন না। শুধু তাই নয়, ঘোষণার পর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হন্তদন্ত হয়ে দৌড়াতে হয় ট্রেন ধরার জন্য। তবে রেলের নয়া এই সিদ্ধান্তে আর যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে না। কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা আগে থেকেই নির্ধারিত করে দিল রেল কর্তৃপক্ষ।
শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে উত্তর ও দক্ষিণের লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল ছাড়বে। এ ছাড়া ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ডানকুনি ও বারুইপাড়া লোকাল। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম যাওয়ার ট্রেন। ৯, ১১ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়বে। ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার অর্থাৎ সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে।
প্রসঙ্গত, প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ মানুষ শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন। বিভিন্ন বিভাগ মিলিয়ে ৯১৫টিরও বেশি লোকাল ট্রেন চলে। নয়া ব্যবস্থা চালু হওয়া প্রসঙ্গে রেলের দাবি, এর ফলে যাত্রীদের সময় বাঁচবে, ভিড় কমবে, এবং স্টেশনে শৃঙ্খলা বজায় থাকবে।
