ওঙ্কার ডেস্ক: ভিমল এলাচির বিজ্ঞাপন ঘিরে বলিউডের তিন অভিনেতাকে শোকজ করেছিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ। সেই প্রসঙ্গে এবার কড়া মন্তব্য করলেন সংস্থার কমিশনার তুকারাম মুন্ধে। তাঁর বক্তব্য, তারকা হিসেবে নয়, বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবেই তাঁদের দেখা হচ্ছে। আইনের চোখে তাঁরা আইনভঙ্গকারী।
শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে গত ১১ অগস্ট নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ, ভিমল এলাচির বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ ভিমল পান মশলার প্রচার করা হচ্ছে। নোটিসের জবাব দেওয়ার জন্য তাঁদের ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুকারাম মুন্ধে জানান, তিন অভিনেতার মধ্যে দু’জন নোটিসের জবাব দিয়েছেন। অন্য একজন এখনও জবাব দেননি। তবে কোন দুই অভিনেতা উত্তর দিয়েছেন, তা জানাননি তিনি। মুন্ধের বক্তব্য, যিনি এখনও জবাব দেননি, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অ্যাডজুডিকেশন এবং প্রসিকিউশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
তিনি জানান, নোটিসের জবাব দেওয়া দুই অভিনেতার বক্তব্যে প্রস্তুতকারক সংস্থার উপর দায় চাপানো হয়েছে। তাঁদের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হবে। নোটিস জারি করা সহকারী কমিশনারই সেই শুনানি করবেন। কোন অভিনেতা জবাব দিয়েছেন, সরাসরি জানতে চাওয়া হলে মুন্ধে জানান, বিষয়টি তাঁর সঠিক ভাবে মনে নেই। সংশ্লিষ্ট সহকারী কমিশনারের কাছেই এই তথ্য রয়েছে।
শাহরুখ খানের টিম জবাব দিয়েছে কি না, জানতে চাওয়া হলে মুন্ধে বলেন, সম্ভবত তিনি জবাব দেননি। তবে বিষয়টি নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলেও স্পষ্ট জানান।