ওঙ্কার ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা নেওয়া, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর্ব মেটার পর শনিবার থেকে শুরু হয়েছে শুনানি পর্ব। নির্বাচন কমিশনের এই শুনানি কেন্দ্রে সন্দেহভাজন ভোটারদের সশরীরের হাজিরা দিতে হচ্ছে উপযুক্ত নথি নিয়ে। যার ফলে বহু প্রকৃত ভোটার বিপাকে পড়ছেন বলেও অভিযোগ সামনে আসছে। এই আবহে শুনানি কেন্দ্রের কাছে সহায়তা শিবির খোলার ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিএলএ-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
তৃণমূল সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া নিয়ে রবিবার ১ লক্ষ ২০ হাজার বিএলএ ২-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক বার বিভিন্ন সভা থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময়ের কাজকে কেন দু মাসে শেষ করতে চাইছে নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
শনিবার এসআইআর-এর শুনানির প্রথম দিনে রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে অসুস্থ, বয়স্কদের। তাঁদেরকে শুনানিতে ডাকা নিয়ে বিতর্ক শুরু হয়। কমিশনের তরফে ৮৫ বছরের উর্ধে প্রবীণ ভোটারদের শুনানিতে ডাকা হবে না বলে জানানো হলেও বাস্তবে ভিন্ন ছবি দেখা গিয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে তাই শুনানি কেন্দ্রের পাশে তৃণমূল সহায়তা শিবির করার সিদ্ধান্ত নিয়েছে। ওই শিবির থেকে নেতা-কর্মীরা মানুষকে প্রয়োজন অনুযায়ী সাহায্য করবেন।
