ওঙ্কার ডেস্ক : উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে উত্তেজিত করার অভিযোগে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। এই আইনে জামিনের সুযোগ ছাড়াই দীর্ঘ দিন আটকে রাখার বিধান রয়েছে।
সূত্রের খবর, শুক্রবার রাতে বা শনিবার সকালে সোনমকে লাদাখ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। ভুল তথ্য ছড়ানো রুখতে সমাজকর্মীর গ্রেফতারের পর সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওয়াংচুকের এনজিও ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর এফসিআরএ নিবন্ধন বাতিল করা হয়েছে। তার একদিনের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটল। উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলের এই সমাজকর্মী, ২০১৮ সালে র্যা মন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। তিনি কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের তরফে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দুই দিন আগে হিংসায় চার জন নিহত এবং নিরাপত্তা কর্মী-সহ ৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন।
প্রসঙ্গত, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে বহু তরুণ তরুণী। বুধবার লেহ শহরে সেই বিক্ষোভ চলাকালীনই বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে মোট চার জনের মৃত্যু হয়। ঘটনার জন্য সোনমের উস্কানি ছিল বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
