ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রবিবার। ভারত হেলায় হারিয়ে দিয়েছে পাক ক্রিকেট টিমকে। তবে এই ম্যাচ জয়ের পরও রাজনৈতিক চাপানউতোর থামছে না। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম টুর্নামেন্টে জয়ী হয়ে ভারত পাক ক্রিকেট কর্তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছে। যার ফলে এশিয়া কাপ সমাপ্ত হলেও বিতর্ক এখনও থামেনি। এই আবহে কেন্দ্রের শাসকদল বিজেপি পাকিস্তান ক্রিকেট কর্তা মহসিন নকভিকে নিশানা করল।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করেছে, কারণ তা তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তানের মন্ত্রী এবং ক্রিকেট কর্তা মহসিন নকভির। যিনি পাকিস্তানি সন্ত্রাসের প্রচারকদের প্রধান মুখ। সে কারণেই ভারত তাঁর হাত থেকে তা নিতে অস্বীকার করে। প্রসঙ্গত, নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, এশিয়া কাপে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিম ইন্ডিয়ার জয়কে খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’ বলে অভিহিত করেছেন মোদী। প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত ছিল বলে অভিযোগ ভারতের। যদিও ইসলামাবাদের তরফে তা অস্বীকার করা হয়েছে। পহেলগাঁও হামলার জবাবে ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। এ বার ক্রিকেট মাঠেও সেই উত্তেজনার রেশ ছিল। এশিয়া কাপের আগের ম্যাচে ভারতের ক্রিকেটাররা পাক টিমের সঙ্গে খেললেও করমর্দন করেননি। যা নিয়ে বিতর্ক চলছিল। সেই বিতর্কের তালিকায় নবতম সংযোজন পাক ক্রিকেট কর্তার হাত থেকে ট্রফি না নেওয়া।
