স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে অন্ধ্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায়ই আপাতত বাংলার সবচেয়ে বড় লক্ষ্য। অন্ধ্রর ২৯৫ রানের জবাবে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার প্রথম ইনিংসে স্কোর ৬৩ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান। সুদীপ কুমার ঘরামি ১৫টি চারের সাহায্যে ১৯১ বলে ১১২ রানে অপরাজিত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ঘরামির সপ্তম শতরান। সুমন্ত গুপ্ত অপরাজিত আছেন ৪১ বলে ২২ রানে। অন্ধ্রর প্রথম ইনিংসের রান টপকাতে বাংলার দরকার এখনও ৯৭ রান।
অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯ বলে ১, সুদীপ চট্টোপাধ্যায় ৪২ বলে ১৩, অনুষ্টুপ মজুমদার ৯ বলে ৯, সুরজ সিন্ধু জয়সওয়াল ৭৯ বলে ২০ ও শাহবাজ আহমেদ ১১ বলে ৫ রান করে আউট হন। কে ভি শশীকান্ত নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি, সৌরভ কুমার ও ত্রিপুরাণা বিজয়।
এর আগে, এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই অন্ধ্রর প্রথম ইনিংস গুটিয়ে দেন বাংলার বোলাররা। গতকাল প্রথম দিনের শেষে স্কোর ছিল ৮০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। অন্ধ্রর প্রথম ইনিংস শেষ হয় ৮৮.৪ ওভারে ২৯৫ রানে। মুকেশ কুমার ৫টি মেডেন-সহ ২২ ওভারে ৬৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। আকাশ দীপ তিনটি মেডেন-সহ ২১.৪ ওভারে ৭৯ রান খরচ করে পেয়েছেন চার উইকেট। শামির ঝুলিতে গিয়েছে একটি উইকেট।
