ওঙ্কার স্পোর্টস ডেস্ক : ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আত্মসমর্পণ করলেন ব্রেন্ডন কিং, সাই হোপেরা। ফলে আড়াই দিনেই খালা শেষ। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ১৪০ রানে হারিয়ে দিল ভারত। দুই ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে রইল ভারতীয় টিম।
ঘরের মাঠে ভারত স্পিন সহায়ক পিচ করবে এটা জানাই ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের এমন বেহাল অবস্থা হবে সে কথা জানা ছিল না। আহমেদাবাদ টেস্টের কোনো ইনিংসেই ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ়। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের সামনে কার্যত ধরাশায়ী হলেন তেজনারাইন চন্দ্রপাল, ব্র্যান্ডন কিং, সাই হোপেরা।
শুক্রবারের ৫ উইকেটে ৪৪৮ রানেই ডিক্লেয়ার করে ভারত। ২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামান শুভমন। অহমদাবাদের পিচে প্রথম দিন থেকেই বল ঘুরেছে। সময় যত এগিয়েছে ততই টার্ন নিতে থাকে বল, সেই সঙ্গে অসমান বাউন্সও। যার ফলে ইনিংসের ৩৩তম ওভারে বুমরাহের বল অ্যালিক অ্যাথানাজ়ের মাথায় লাগে। যদিও এই ঘটনা আগেই ভারতের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস গুটিয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিছু লড়াই দিলেন অ্যাথানাজ়। তাঁর ৩৮ রানের ইনিংস ছাড়া আর কেউ চোখে পড়ল না। দ্রুত আউট হয়ে যান দুই ওপেনার জন ক্যাম্পবেল (১৪) এবং তেজনারাইন চন্দ্রপাল (৮)। সিরাজের বল ড্রাইভ করতে গিয়ে স্কোয়্যার লেগে ক্যাচ তুলে দেন তেজনারাইন। বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরেন ২২ বছরের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। জাডেজা, কুলদীপদের স্পিন বুঝতেই পারলেন না কিং (৫), চেজ (১), হোপেরা (১)। পর পর আউট হয়ে যান।
৪৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর অ্যাথানাজ়ের সঙ্গে রুখে দাঁরানোর চেষ্টা করেন জাস্টিন গ্রেভস। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৪৬ রান। ওয়াশিংটনের বলে অ্যাথানাজ় আউট হওয়ার পর ক্রিজে আটকে থাকার কোনো সম্ভাবনাই ছিল না ওয়েস্ট ইন্ডিজের। পরের ওভারেই সিরাজ তুলে নেন গ্রেভস (২৫) এবং ওয়ারিকানকে (শূন্য)-এর উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের শেষ দিকে জোহন লেইন (১৪), খারি পেরি (অপরাজিত ১৩), জেডন সিলসদের (২২)-এর আংশিক লড়াই কার্যত ক্রিকেট বিনোদন ছাড়া আর কিছুই ছিল না। ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৪৬ রানে। ভারতের সফলতম বোলার জাডেজা। ৫৪ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন সিরাজের। ২৩ রানে ২ উইকেট কুলদীপের, ১৮ রানে ১ উইকেট ওয়াশিংটনের।
