স্পোর্টস ডেস্ক : বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন হল হাওড়া। এদিন মুর্শিদাবাদ কিংসকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। জয়ের জন্য মুর্শিদাবাদের প্রয়োজন ছিল মাত্র ১৫১ রান। তন্ময় প্রামাণিকের ৩৩ বলে ৪৮ রান সত্ত্বেও নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে মুর্শিদাবাদের ইনিংস। অন্যদিকে মহিলাদের ফাইনালে চ্যাম্পিয়ন লাক্স কলকাতা। তারা হারায় সোবিস্কো মালদহকে। বেঙ্গল প্রো টি ২০ উদ্বোধনী অনুষ্ঠানে ইডেনের মঞ্চ মাতান সুনিধি চৌহান। তবে ফাইনালে কোন বড়ো শিল্পী না থাকলেও দর্শক সংখ্যা প্রায় ১০ হাজারের উপর ছিলো। বৃষ্টি মাথায় নিয়ে ক্লাবহাউজ, বি, কে, এল ব্লক ভরায় ক্রিকেটপ্রেমীরা। ছেলেদের ফাইনালের ইনিংস বিরতিতে দুর্দান্ত লেজার শো ও আতশবাজির প্রদর্শনী। এর আগেও ইডেনে লেজার শো হয়েছে। আইপিএলের ম্যাচ, ভারতের ম্যাচ আর বিশ্বকাপ ম্যাচে। তবে বেঙ্গল প্রো তে লেজার শোর সঙ্গে আতশবাজির মিশ্রণ অন্য মাত্রা দেয়।
