স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরেই ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে দু দেশের ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যে ভিড় জমিয়েছে। উভয় দেশের ক্রিকেট ফ্যানরা নিজের দেশের জয়ের প্রত্যাশা নিয়ে উত্তেজনায় টগবগ করছেন। তবে আশঙ্কা একটাই, আবহাওয়া পরিস্থিতি যা তাতে না ভণ্ডুল হয় এই হাইভোল্টেজ ম্যাচ। এই আশঙ্কা থাকলেও দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে বিপুল উন্মাদনা। খেলা শুরুর বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই দর্শকেরা ভিড় জমাতে শুরু করেছেন মাঠে।
তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে আপাতত না আকাশ, না ক্রিকেট… ফোকাসে স্রেফ ‘করমর্দন’! যতদূর জানা যাচ্ছে, এবারও ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ‘নো-হ্যান্ডশেক’ নীতিতেই অনড় থাকছে। ভারতীয় ক্রিকেটাররা খেলার আগে বা পরে পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করবেন না। এমনকি টসের সময়ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
কলম্বোর মাঠে খেলা দেখার জন্য পোঁচেছেন ১৮ হাজার ভারতীয়। সেখানে পাকিস্তানের দর্শকের সংখ্যা ১২ হাজার। দর্শক গ্যালারি থেকে সমর্থনের ব্যাপারে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। এই ৩০ হাজার সমর্থককে সামলাতে দু’হাজার পুলিশ মোতায়েন করেছে শ্রীলঙ্কা প্রশাসন।
