স্পোর্টস ডেস্ক : প্রভুসিখন গিলের হাতে যুবভারতীতে ট্রাইবেকারে দিল্লি এফসিকে ৫-৩ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের পরে ইস্টবেঙ্গল কোচ আন্টেনিও লোপেজ হাবাস জানালেন,’অহেতুক সহজ ম্যাচকে কঠিন করে জেতা। আবার সেই একই সমস্যা। একাধিক গোল মিস। বিষয়টি চিন্তার হলেও, খুব বেশি গুরুত্ব দিতে চান না আন্তোনিও হাবাস। তাঁর দাবি, গোলের সুযোগ তৈরি হওয়াকেই প্রাধান্য দিতে চান।
পাশাপাশি মনে করিয়ে দেন, একপ্রকার বিনা প্রস্তুতিতেই ডুরান্ড খেলছে ইস্টবেঙ্গল। হাবাস বলেন, ‘প্রচুর গোলের সুযোগ মিস হচ্ছে ঠিকই। কিন্তু আমি সেই নিয়ে ভাবছি না। গোলের এত চান্স তৈরি হওয়া ইতিবাচক দিক। সেটা না হলে, চিন্তা করতাম। গত এক মাসে আমরা মাত্র পাঁচটা ট্রেনিং সেশন পেয়েছি। এছাড়া ট্রেনিং, প্রস্তুতির কোনও সময় পাইনি। আমাদের রিকভারিরও সময় নেই। বিপক্ষ দলের ভিডিও দেখা হয়। কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের সুযোগ বিশেষ নেই।’প্রতিপক্ষ মাত্র একটা বা দুটো সুযোগ পেয়েছে। তাও আবার সেটপিসে। একটা পেনাল্টি হতেই পারে। এটাই ফুটবল। ভুললে চলবে না আমরা প্রায় ২২-২৫ টা সুযোগ তৈরি করেছি।’
ফাইনালে মোহনবাগান না নর্থ ইস্ট, কাকে চাইছেন হাবাস? ক্ষুরধার বুদ্ধি স্প্যানিশ কোচের। পছন্দের দল বেছে নিতে চাননি। জানান, যে দল ভাল খেলবে, তাঁরাই জিতবে। যেকোনও দলের জন্য তৈরি তাঁর দল। হাবাস বলেন, ‘আমার কাছে বিষয়টা আলাদা। আমার সঙ্গে এই ম্যাচের কোনও যোগসূত্র নেই। চাইব যারা ভাল খেলবে, তাঁরাই জিতুক। আমার জন্য বিষয়টা একই। বর্তমানে আমার মাথায় ম্যাচকেন্দ্রিক বিভিন্ন ঘটনা ঘুরছে। বিশ্রাম নিতে চাই। মোহনবাগান ম্যাচ নিয়ে এখন থেকেই ভাবতে চাই না। আগের দিন ভাবব।