স্পোর্টস ডেস্ক : পুরুষদের হকি বিশ্বকাপে বুধবার, ২০২৬-এর পুল ডি-র এক হাই-স্কোরিং ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে দিল।এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল এবং পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেল। ভারতের হয়ে হরমনপ্রীত সিং এবং অভিষেক দুটি করে গোল করেন, এবং হার্দিক সিং একটি গোল করে দলের এই গুরুত্বপূর্ণ জয়ে অবদান রাখেন। পাকিস্তানের হয়ে হান্নান শাহিদ দুটি এবং সুফিয়ান খান একটি গোল করলেও, তা তাদের টুর্নামেন্ট থেকে বিদায় আটকাতে পারেনি।ভারত ১০,০০০ দর্শকে ভরা ওয়াগেনার স্টেডিয়ামের সামনে স্নায়ুচাপ ধরে রেখে একটি স্মরণীয় জয় তুলে নেয়। অধিনায়ক হরমনপ্রীত (৫, ২১ মিনিট) পেনাল্টি কর্নার থেকে দু’টি গোল করেন, অন্যদিকে অভিষেক (১১, ২৪ মিনিট) দু’টি চমৎকার ফিল্ড গোল করেন এবং হার্দিক সিং (৩৪ মিনিট) ভারতের হয়ে একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন।
পাকিস্তানের হয়ে হান্নান শহীদ (২২, ৪৬ মিনিট) দু’টি গোল করেন এবং সুফিয়ান খান (২৪ মিনিট) পেনাল্টি কর্নার থেকে অন্য গোলটি করেন। এর ফলে ভারত ও ইংল্যান্ড ‘ডি’ পুল থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছে। তবে, উদ্বোধনী রাউন্ডে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ভারত পরবর্তী পর্বে কোনও পয়েন্ট নিয়ে যেতে পারবে না।
এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ছিল ১৬ বছর পর দুই দলের মধ্যে বিশ্বকাপের প্রথম সাক্ষাৎ। ২০১০ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত পাকিস্তানকে ৪-১ গোলে হারিয়েছিল। ওয়াগেনার স্টেডিয়ামে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৭৩ সালের বিশ্বকাপে, যেখানে ভারত সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল এবং ফাইনালে নেদারল্যান্ডসের কাছে পেনাল্টি শুটআউটে হেরে যায়