স্পোর্টস রিপোর্টার : বাংলার ফুটবল সমর্থকদের কাছে এটা প্রত্যাশিত ছিল না ! তবে জামশেদপুরে মোহনবাগান সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনায়, ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালুরু ম্যাচে ইস্টবেঙ্গল গ্যালারি থেকে জামশেদপুর পুলিশকে সমর্থন জানিয়ে পোস্টার! ঘটনার তীব্র নিন্দা করেছেন মোহনবাগান সভাপতি দেবাশীষ দত্ত। এদিন তিনি সোশ্যাল মিডিয়া লিখলেন, মাঠের লড়াই কি আমাদের জাত্যাভিমানকেও হারিয়ে দিল?
এক হাতে মোহনবাগান, অন্য হাতে ইস্টবেঙ্গল এই দুই স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বাংলার ফুটবল আবেগ। কিন্তু আজ সেই আবেগ কি দিকভ্রান্ত?
কিছুদিন আগে জামশেদপুরে ISL-এর ম্যাচ দেখতে গিয়ে আমাদেরই সমর্থক আমাদেরই ঘরের ছেলে মোহনবাগান সমর্থকরা আক্রান্ত হলেন। কারো মাথা ফাটলো, কারো পড়লো ১০টি সেলাই। সেই রক্ত কোনো নির্দিষ্ট ক্লাবের নয়, সেই রক্ত ছিল একজন বাঙালির। ভিনরাজ্যে গিয়ে যখন নিজের রাজ্যের মানুষ লাঞ্ছিত হয়, তখন সেটা গোটা বাংলার অপমান।
কিন্তু আজ কলকাতায় ইস্টবেঙ্গল গ্যালারিতে যখন সেই ঘটনার হোতাদের ধন্যবাদ জানিয়ে ব্যানার (ব্যানারে লেখা: “Well Done Jamshedpur Police”) ঝোলানো হয়, তখন মাথা লজ্জায় নত হয়ে আসে। ব্যানারের ওই ভাষা কি শুধু মোহনবাগানকে বিঁধল ? না, ওই ভাষা অপমান করল ফুটবলকে, অপমান করল বাংলার চিরকালীন সংহতিকে।