ওঙ্কার ডেস্ক: চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে নাটকীয় ভাবে পরাজিত করল প্যারাগুয়ে। ম্যাচের ফল এক এক হলেও ট্রাইবেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। টাইব্রেকারে ম্যাচের ফল হয় ৪–৩।
এদিন খেলার শুরু থেকেই সমর্থকদের নজর ছিল ম্যাচের দিকে। অনেকে ভেবেই নিয়েছিলেন জার্মানি হেলায় এই ম্যাচ বের করে নেবে। কিন্তু তা হল না। প্রথমে ৯০ মিনিট এবং অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা শেষে ম্যাচের ফল হয় ১–১। টাইব্রেকারেও দুই দল ৩–৩ সমতায় শেষ করে। তবে সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ শট মারলেও মিস করেননি প্যারাগুয়ের হোসে কানালে। আর তাতেই ম্যাচের ভাগ্য ঘুরে যায়। পরাজিত হয়ে জার্মানিকে বিদায় নিতে হয়। চার বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে।
ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে এদিন শুধু ম্যাচ জেতেনি। বরং জার্মানির টাইব্রেকারের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। ইতিহাসে আগে কোনও বিশ্বকাপে চার বার টাইব্রেকারে খেলে একবারও হারেনি জার্মানি। বোস্টন স্টেডিয়ামের ম্যাচে জার্মানি শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের প্রথম গোল করে প্যারাগুয়ে। ৪২ মিনিটে হুলিও এনসিসোর করা সেই গোল দ্বিতীয়ার্ধের শুরুতেই শোধ করে জার্মানি। ৫৪ মিনিটে হেডে গোল করে ১–১ সমতা আনেন কাই হাভার্টজ। জার্মানি আক্রমণের ঝাঁজ বাড়ালে প্যারাগুয়ের ডিফেন্স তা প্রতিহত করতে সক্ষম হয়।