ওঙ্কার ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’-এর সঙ্গে যোগ থাকার সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দিল্লি ও গ্যাংটক পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই যুবককে পাকড়াও করা হয়েছে। ধৃত যুবকের বয়স ১৯ বছর বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। ‘গ্রুপ অফ ইসলামিক মেম্বারস’ নামে একটি ইনস্টাগ্রাম গ্রুপে উগ্রপন্থার প্রচার চালানো হচ্ছিল। সেই সঙ্গে ওই গ্রুপে তরুণদের মগজ ধোলাইয়ের কাজ হতো। গ্রুপে ইসলামিক স্টেট এর ভাবধারা প্রচার করা হচ্ছিল। গ্যাংটকের নাম নাং রোডের লোয়ার এমজি মার্গের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা একটি পরিবারের ছয় জনকে আটক করেন। ফরেনসিক পরীক্ষার জন্য মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড এবং পেন ড্রাইভ—বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, জিজ্ঞাসাবাদের সময় ১৯ বছর বয়সী মহম্মদ আরজুর আচরণ সন্দেহজনক মনে হয়। তার মোবাইলটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়।
ধৃত যুবক চ্যাট জিপিটির মাধ্যমে উগ্রপন্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ করত। তবে পুলিশ জানিয়েছে, পরিবারের বাকি পাঁচ সদস্য— মহম্মদ কালিম (৫৮), মহম্মদ তালিম (২৬), মহম্মদ আরিফ (২২), মহম্মদ আলিম (২৫) এবং মহম্মদ এরশাদ (৪৫)—এর বিরুদ্ধে কোনও আপত্তিকর প্রমাণ পাওয়া যায়নি। মুচলেকা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে আরজুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিকিমের বাইরে অভিযুক্তের কোনও যোগাযোগ ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।