স্পোর্টস ডেস্ক: অবশেষে আইএসএলে চার্চিল ব্রাদার্স। জামশেদপুর এফসির লাইসেন্সে খেলবে গোয়ার দল। দেশের একনম্বর লিগে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল জামশেদপুর। অ্যাকাডেমিতে জোর দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার চার্চিল ব্রাদার্সকে লাইসেন্স হস্তান্তর করল জামশেদপুর। মাত্র ১০০ টাকার প্রতীকী মূল্যে জামশেদপুর এফসির সব শেয়ার চার্চিল ব্রাদার্সকে দিল টাটা গ্রুপ।
জামশেদপুরের স্পোর্টিং লাইসেন্স নিয়ে সরাসরি আইএসএলে খেলবে চার্চিল। ১৪ আগস্ট, শুক্রবার দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়ে গিয়েছে। জামশেদপুরের সঙ্গে চুক্তিবদ্ধ ১২ জন ফুটবলার এবং ২ জন কোচ যোগ দেবে চার্চিলে। পুরো হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই সপ্তাহ লাগবে। অর্থাৎ, এই মাসের মধ্যেই সমস্ত বিষয়টি চূড়ান্ত হয়ে হবে। সরাসরি আই লিগ জিতে আইএসএল খেলার কথা ছিল চার্চিল ব্রাদার্সের। কিন্তু এই নিয়ে গত বছর বড় বিতর্ক হয়। আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চার্চিল ব্রাদার্স এবং ইন্টার কাশীর মধ্যে লড়াই আদালত পর্যন্ত গড়ায়। প্রথমে চার্চিলকে আই লিগ ট্রফি দিয়ে দেওয়া হয়। কিন্তু পরে সেটা ফিরিয়ে নেয় ফেডারেশন। শেষমেশ ইন্টার কাশীকেই আইএসএল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেই সময় ক্ষোভ প্রকাশ করেন ক্লাবের কর্ণধার চার্চিল আলেমাও। তবে আই লিগ জিতে খেলতে না পারলেও, এবার জামশেদপুরের লাইসেন্সে খেলবে চার্চিল ব্রাদার্স।
তবে টাটা স্টিলের ডিরেক্টরস বোর্ডের চুক্তি সই হয়ে গেলেও, লাইসেন্স হস্তান্তর কার্যকর করতে ফেডারেশনের সরকারি অনুমোদন প্রয়োজন। যদিও জামশেদপুরের লাইসেন্সে খেলার বিষয়ে আগেই সম্মতি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। জুলাইয়ের শেষে আইএসএল থেকে নাম তুলে নেয় জামশেদপুর এফসি। একসময়ের লিগ শিল্ডজয়ী দল ২০২৬-২৭ মরশুম থেকে আইএসএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। যার ফলে ভারতের একনম্বর ফুটবল লিগে জামশেদপুরের টানা নয় বছরের যাত্রার ইতি ঘটে। নতুন নিয়মের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অংশগ্রহণ ফি জমা দিতে ব্যর্থ হওয়ার জেরেই এই সিদ্ধান্ত নেয় জামশেদপুর। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘জামশেদপুর ফুটবল ক্লাব ২০২৬-২৭ মরশুম থেকে আর ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেব না।