স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান খান জেল বন্দি। খবর আসছে তাঁর শরীরের অবস্থা ভালো নয়। ইতিমধ্যে ৮৫ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়েছেন তিনি। রাজনৈতিক নানা কারণ থাকতেই পারে, তবু বিশ্ব ক্রিকেটে একটা আলাদা নাম ইমরান। তাঁর হয়েই এ বার পাক সরকারের কাছে আর্জি জানালেন বিশ্ব ক্রিকেটের বাকি কিংবদন্তিরা। এরমধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাসকর, কপিলদেব নিখাঞ্জও। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করেছে, ইমরানের জীবনের ঝুঁকি রয়েছে এবং জেলের অস্বাস্থ্যকর পরিবেশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছে।
ইমরানের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় এবার সরব হয়েছেন পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। পাক সরকারকে দেওয়া একটি যৌথ চিঠিতে সই করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর ও কপিল দেব। এছাড়াও রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া এবং জন রাইট। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘ইমরান খান ক্রিকেট দুনিয়ার একজন কিংবদন্তি। তাঁর বিরুদ্ধে আমরা খেলেছি এবং অনেকে তাঁকে আদর্শ হিসেবে মেনেছি। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে তিনি একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।আমরা চাই তাঁকে যথাযথ চিকিৎসা এবং পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হোক।’
এবারে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই উদ্যোগের প্রশংসা করে জানালেন, ‘খুব ভালো উদ্যোগ। ইমরান খান পাকিস্তানের একজন কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছেন উনি। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল ওঁর। তাই আমার মনে হয়, আরও বেশি সম্মান ও সঠিক ব্যবহার প্রাপ্য ইমরানের। আমি ওঁর দ্রুত সুস্থতা কামনা করি। রাজনীতিতে জড়িয়ে পড়লে অনেক কিছুর মধ্যে দিয়েই যেতে হয়। আমি সঠিক জানি না, উনি কী অবস্থায় আছেন এখন। তবে পাক সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি যোগ্য সম্মান রেখেই বলছি, আশা করি ইমরানের ঠিকভাবে খেয়াল রাখা হবে ও চিকিৎসা করা হবে।’
