স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্কের কেন্দ্রে বাবর আজম। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর হতাশাজনক পারফরম্যান্স নিয়ে আগেই সমালোচনার ঝড় উঠেছিল। সেই ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। বরং নতুন করে তা উসকে দিল একটি বিজ্ঞাপনের শুটিংয়ের ঘটনা।
পাকিস্তান সুপার লিগ শুরুর আগে একটি প্রচারমূলক বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাবর। সেখানে তাঁকে একটি সহজ ক্যাচ ধরার দৃশ্য অভিনয় করতে বলা হয়। দৃশ্যটি ছিল স্লিপ ফিল্ডারের মতো ঝাঁপিয়ে ক্যাচ ধরার। নিরাপত্তার জন্য মাটিতে রাখা হয়েছিল নরম গদি, যাতে চোটের ঝুঁকি না থাকে। কিন্তু এত প্রস্তুতি সত্ত্বেও সহজ সেই ক্যাচ হাতছাড়া করেন প্ৰাক্তন পাক অধিনায়ক। ঘটনাটি প্রকাশ্যে আসতে সামাজিকমাধ্যমে শুরু হয় প্রবল ট্রোলিং।
ক্রিকেটপ্রেমীদের একাংশের বক্তব্য, যিনি মাঠে ফর্মে নেই। তিনি যদি শুটিংয়েও এমন ভুল করেন, তবে তাঁর আত্মবিশ্বাসের ঘাটতিরই প্রমাণ। কেউ কেউ সরাসরি দাবি তুলেছেন, বাবরকে অন্তত এক বছরের জন্য জাতীয় দল থেকে বাইরে রাখা হোক। যাতে তিনি নিজের খেলায় মনোযোগ দিতে পারেন।